মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পের ইরানবিরোধী হামলা বন্ধের আহ্বানের পর দ্বিতীয়বারের মতো দেশটির রাজনৈতিক বিশ্লেষক, সামরিক বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে এ বিষয়ে প্রকাশ্য বিতর্ক দেখা দিয়েছে।
অনেক বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর উচিত যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইসরাইলের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দেয়া। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে মোকাবিলা করা এবং তেহরানের সাথে ওয়াশিংটনের চলমান আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরো শক্তিশালী করা ইসরাইলের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এদিকে এক সামরিক বিশ্লেষক ইসরাইলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাম্প্রতিক ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর উল্লেখযোগ্য কোনো ক্ষতি বা প্রভাব পড়েনি। তার মতে, ইরানের পারমাণবিক সক্ষমতা এখনো বহুলাংশে অক্ষত রয়েছে।
ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক ফোনালাপ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরাইলের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা-কল্পনা আরো বেড়েছে। বিশেষ করে ইরান-ইসরাইল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এখন আন্তর্জাতিক অঙ্গনে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা



