চলতি অর্থবছরের বাজেটে সংশোধিত প্রকল্পে বাড়তি যে খরচ যোগ করা হয়েছে তা দিয়ে একটি পদ্মা সেতু নির্মাণ করা যায়। যেমন-২০২১-২২ অর্থবছরে ৩১টি প্রকল্প সংশোধন করা হয়েছে। প্রকল্পগুলো সংশোধনের ফলে খরচ বেড়েছে ২৯ হাজার ৪৭১ কোটি টাকা। বাড়তি এই খরচের টাকায় একটি পদ্মা সেতু করা সম্ভব, যেখানে পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
বার বার সংশোধন ও সময়মতো প্রকল্প বাস্তবায়ন না করার ফলেই এই খরচ বেড়েছে। এমনটাই হয়েছে বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
গতকাল বুধবার গুলশানের হোটেল লেকশোরে ‘ইমপ্লিমেন্টেশন অব পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইন বাংলাদেশ ইনশিওরিং গুড ভ্যালু ফর মানি’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় সংলাপে অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন এস্টিমেটের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান প্রমুখ। সিপিডি ও দ্য এশিয়ান ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সরকারি প্রশাসনযন্ত্রে আমলা ও প্রকল্প পরিচালকদের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে বলেন, প্রকল্প পরিচালকরা প্রকল্প এলাকায় অবস্থান না করে ঢাকায় অবস্থান করেন। এটি একটি জাতীয় সমস্যা। প্রশাসনের অনেক বিধি অপ্রয়োজনীয়। ব্রিটিশ, পাকিস্তানি ও সামরিক শাসকেরা এসব করেছেন, যার এখন কোনো বাস্তবতা নেই। কিন্তু অনেক দুষ্টু আমলা এসব বিধান চাতুরির সাথে কাজে লাগাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এসব বদলানোর, তা সত্ত্বেও এসব পরিবর্তন করা যাচ্ছে না। আইনকে আইন দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বার বার প্রকল্প সংশোধন হয়, সময় বাড়ানো হয়। সময় বৃদ্ধি মানেই ব্যয় বৃদ্ধি। আমরা মেগা প্রকল্প ও ছোটখাটো প্রকল্প বাস্তবায়ন করছি। ২০২২-২৩ অর্থবছরের জন্য যে বাজেট উপস্থাপিত হয়েছে, সেখানে দেখেছি এক হাজার ৩৫৬টি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নেয়া হয়েছে। এর মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বাদ দিলে এক হাজার ২৫০টি প্রকল্প থাকে। এগুলো বিভিন্ন সামাজিক অবকাঠামো, সড়ক, সেতুসহ নানা উন্নয়নমূলক কাজ। এসব প্রকল্পে লাখ লাখ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এগুলো বাস্তবায়িত হবে। তবে আমরা যদি সুশাসনের সাথে সময়মতো এসব প্রকল্প বাস্তবায়ন করতে পারি, সাশ্রয়ীভাবে বাস্তবায়ন করতে পারিÑ তবে দেশের জন্য মঙ্গল।
তিনি বলেন, আমরা যে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারি তা ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। পদ্মা সেতু আমাদের অর্জনের একটা বড় প্রতীক। এটা প্রত্যাশিত টাইমলাইনে হয়েছে।
সিপিডির এই ফেলো আরো বলেন, আমরা দেখছি মেগা প্রকল্প সর্বোচ্চ পর্যায় থেকে খবরদারি করে বাস্তবায়ন করা হচ্ছে। ফলে আমরা একটা ইতিবাচক সুফল পাচ্ছি। এই বিষয়টি অন্যান্য প্রকল্পেও যদি কাজে লাগাতে পারি তাহলে এক হাজার ২৫০টি অবকাঠামো ও বিভিন্ন আর্থসামাজিক প্রকল্প ২০২২-২৩ অর্থবছরে ভালোভাবে বাস্তবায়ন করতে পারব।
তিনি বলেন, ২৫০ বিলিয়ন ডলার অবকাঠামো উন্নয়নে জড়িত। সঠিক মতো প্রকল্প বাস্তবায়ন করতে পারলে এসডিজি অর্জনে অনেকখানি এগিয়ে যাবো। আমরা যে প্রবৃদ্ধি করতে চাচ্ছি, ২০৩৩ সালের মধ্যে যা করতে চাচ্ছি তা অর্জন করতে পারব। যদি ভালোভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারি তাহলে প্রাইভেট খাত আরো আকৃষ্ট হবে।
প্রকল্পের ধীরগতি প্রসঙ্গে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, একটা তুলনামূলক চিত্র যদি দেখি, ২০২১-২২ অর্থবছরে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা ছিল তার সবই কিন্তু হয়নি। এ রকম প্রকল্প কিন্তু ২৫ দশমিক ২ শতাংশ। তার মানে হলো এগুলো সময়মতো শেষ করতে পারিনি। আমরা জানি সময় বৃদ্ধি মানেই ব্যয় বৃদ্ধি। এটা একটা সাধারণ সমীকরণ।
তিনি বলেন, আমরা ২০২১-২২, ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি দেখি তাহলে দেখা যায়, এডিপিতে অনেক প্রকল্প সংশোধন করা হয়েছে। এর সংখ্যা কিন্তু কম নয়। দেখা যায় নানা প্রকল্প এক থেকে তিনবার পর্যন্ত সংশোধন করা হয়। আমরা এখানে একটা হিসাব করেছি, আমাদের (সিপিডির) যে স্বাধীন উন্নয়ন পর্যালোচনা, সেখানে দেখা গেছে অনেক প্রকল্প অনেকবার সংশোধন করতে হয়। এগুলোতে ব্যয় বেড়েছে মূলত সংশোধনের কারণে। বিভিন্ন প্রকল্পে সিম্বলিক (প্রতীকী) বরাদ্দ দেয়া হয়। এটা বাদ দেয়া ভালো।
সরকারি প্রকল্প বাস্তবায়নে কিছু কিছু বিষয়ে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু কিছু বিষয়ে দুঃখ পাই। তার মধ্যে পিডি (প্রকল্প পরিচালক) একটা বিষয়। পিডি প্রকল্পের জন্য খুবই অপরিহার্য, কিন্তু তাদের আমরা ম্যানেজ করতে পারছি না। প্রকল্প পঞ্চগড়ে অথচ পরিচালক বাস করেন ঢাকায়।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের ঢাকায় আসতে হবে বরাদ্দসহ কিছু বিষয়ের জন্য, কিন্তু সব সময় থাকা যাবে না।
এম এ মান্নান বলেন, গত কয়েক দিন বাজেট-বাজেট শুনে আর পারছিলাম না। আমাদের ইস্যু অবকাঠামো। আমি গ্রামের মানুষ, নি¤œ আয়ের পরিবার থেকে এসেছি। আমাদের বাড়ির কাছে খালে গাছের গুঁড়ি দেয়া হতো পারাপারের জন্য। এটা দিয়ে পার হয়ে স্কুলে গেছি। এটাই আমাদের অবকাঠামো, এটাই আমাদের পদ্মা সেতু।
তিনি বলেন, আমি আমলাতন্ত্রের মধ্যমপর্যায়ে ছিলাম। তখন দেখেছি কেউ কাজের কাছে থাকতে চায় না। সবাই কাজ থেকে দূরে থাকতে চায়। অনেককে কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। আপনারা উপজেলা পর্যায়ে যান, ইউনিয়ন পর্যায়ে যানÑ কেউ কাজের জায়গায় থাকে না। বিভাগীয় পর্যায়ে গেলেও কাউকে পাই না। এরা কারা? এদের খুঁজে বের করতে হবে।
মন্ত্রী আরো বলেন, আমলাতন্ত্রের কোনো কোনো অংশ নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে বলেছিলাম। ব্রিটিশ ও পাকিস্তানিরা তাদের প্রয়োজনে এটা করেছিল, কিন্তু এই নিয়ম আমরা বয়ে বেড়াচ্ছি। এটা ভাঙতে হবে, দূর করতে হবে। ব্রিটিশরা বলে গেছে অমুক কাজে ৯০ দিন অপেক্ষা করতে হবে। কিছু আমলা আবার এটাকে তিন ৯০ দিন (তিনগুণ) নিয়ে যান। এখন কেন ৯০ দিন অপেক্ষা করব? এখন তো আমরা শেখ হাসিনার ডিজিটাল দেশে বসবাস করছি। ওই যে বইয়ে লেখা আছে তাই ৯০ দিন অপেক্ষা করতে হবে, এটা আমরা পরিবর্তন করছি। দাতা সংস্থাদের ঋণের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যারা ঋণ দেয় তারা দাতা নয়, তারা উন্নয়ন সহযোগী। ঋণকে সহায়তা বলা যাবে না। ক্যাডার একীভূত করার বিষয়ে এম এ মান্নান বলেন, ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করার বিষয়ে আমি সম্মতি দেইনি। ইকোনমিক ক্যাডার প্রশাসনে আসতে চায়, এটা ভালো হয়নি।
সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে সরকারদলীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, এগুলোকে চুরি বলব না, তবে আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে উল্লেখ করেন উপাধ্যক্ষ আবদুস শহীদ। তিনি বলেন, অনেক প্রকল্পের পরিচালক নতুন গাড়ি কিনছেন, যদিও তিনি এমনিতে গাড়ি পান। এমনকি প্রকল্প এলাকায় তাকে প্রতিদিন যেতেও হয় না। ফলে যেখানে তেলের খরচ নিলেই যথেষ্ট, সেখানে নতুন গাড়ি কেনা হচ্ছে। এসব বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।



