চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৮.৭৩ শতাংশ প্রবৃদ্ধি

‘২০২৬ সালের ৮ জুন এক দিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানেরই প্রতিফলন এটি।’

নয়া দিগন্ত অনলাইন
রেমিট্যান্স প্রবাহে ১৮.৭৩ শতাংশ প্রবৃদ্ধি
রেমিট্যান্স প্রবাহে ১৮.৭৩ শতাংশ প্রবৃদ্ধি |সংগৃহীত

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ধারা বজায় রেখেছে। প্রবাসী বাংলাদেশীরা ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বেশি।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ৮ জুন পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরে একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

তথ্যে আরো দেখা যায়, ২০২৬ সালের ৮ জুন এক দিনেই প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৭ দশমিক ৯৪ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসী কর্মীদের অব্যাহত অবদানেরই প্রতিফলন এটি।

চলতি জুন মাসের প্রথম আট দিনেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে দেশে ৯৭৯ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় সাত দশমিক ৯২ শতাংশ বেশি।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ৯০৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। বাসস