লালমনিরহাটে তুচ্ছ ঘটনার জেরে হামলা, কিশোর নিহত

বাকবিতণ্ডার একপর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করলে সে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিহত লিয়াকত আলী লাদেন
নিহত লিয়াকত আলী লাদেন |নয়া দিগন্ত

লালমনিরহাটের আদিতমারীতে তুচ্ছ ঘটনার জেরে হামলায় লিয়াকত আলী লাদেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় তার বাড়ি-ঘরে ভাংচুরের ঘটনাও ঘটে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাদেন ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ জানায়, লাদেনের সাথে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকির (১৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাকবিতণ্ডার একপর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করলে সে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’