বান্দরবানের রুমায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়ার কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের থেকে খবর পেয়ে বলিপাড়া বিজিবি ও পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের মাথায় গুলির দাগ রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্তে ওই স্থানে পুলিশ ও বিজিবি তৎপরতা চালাচ্ছে। উদ্ধার করা লাশের পরিচয় ও আটক ১২ জনের নাম এখনো নাম জানা যায়নি। এ ঘটনায় রুমা থানায় একটি মামলা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানান, খবর পেয়ে গালেঙ্গার জৈতুন পাড়ার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।



