বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ১

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
নিহত আব্দুল খালেক
নিহত আব্দুল খালেক |নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামের এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা শিবিরের মো: আনুর ছেলে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক জানিয়েছেন, সকালে রেজু সীমান্তে একটি কলা বাগানে কাজ করতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উখিয়া এমএফএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনিয়ে গত এক সপ্তাহের বেশি সময়ে মাইন বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ছয়জন নিহতের ঘটনা ঘটল।