ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে। এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু।
মঙ্গলবার (৯ জুন) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত শিশুটি ছয় বছর বয়সী এক মেয়েশিশু। তার বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলায়। গত ৬ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হাম ছাড়াও কর্নিয়াল আলসারে আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মমেক হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০১ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে মোট এক হাজার ৯৮৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৮৩৬ জন।



